সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:১৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৩:৪৫
| প্রিন্ট সংস্করণ
দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের দুই হাজার ৮০০ সনাতন ধর্মাবলম্বী মানুষকে শাড়ি-পাঞ্জাবি ও অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাদের মধ্যে দুই হাজার ৫০০ জনকে শাড়ি-পাঞ্জাবি দেওয়া হয়। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে দুই হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের বড় কালীবাড়ি প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ শেষে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সাদুল্লাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং উপহারসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সারাদেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সনাতন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সনাতন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার।
- বিষয় :
- প্রতিমন্ত্রী