দুপুরে মেয়েকে দাফন, পরে মিলল ছেলের মরদেহ
ধামরাই (ঢাকা) ও সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৪৮
ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠল সুমাইয়া (১০) ও হাসান (৮) নামে দুই ভাইবোনের মরদেহ। গতকাল শুক্রবার উপজেলার চরসুঙ্গরে ধলেশ্বরী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
সুমাইয়া ও হাসান চরসুঙ্গর গ্রামের অটোরিকশাচালক দ্বীন ইসলামের সন্তান। দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দ্বীন ইসলাম। তিনি ছোট ছেলে হোসেনকে (৬) জড়িয়ে ধরে শুধুই কান্না করছেন।
দ্বীন ইসলাম জানান, তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে সুমাইয়া ও মেজো ছেলে হাসান গত বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা ছুটি শেষে বাড়ি আসে। এরপর তারা গোসল করতে বাড়ির পাশেই ধলেশ্বরী নদীতে যায়। দুপুরেও তারা বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল সকাল ৯টার দিকে নদীতে সুমাইয়ার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে। দুপুর ১২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরপর দুপুর ১টার দিকে হাসানের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিকেলে তাকেও একই কবরস্থানে দাফন করা হয়।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বলেন, নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধারের বিষয়টি আমাদের কেউ জানায়নি।
এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে দেয়াল চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন (১৩) সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
নিহতের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, তার ভাগনে সপ্তম শ্রেণিতে পড়ত। পূজায় স্কুল বন্ধ থাকায় ছুটি কাটাতে আরমান বেড়াতে এসিছিল।
- বিষয় :
- মরদেহ