মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ছবি: সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৮:৪০
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে মির্জাপুরের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটির সামনে থাকা একটি পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করেছে পুলিশ।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- টাঙ্গাইল
- নিহত দুই
- সড়ক দুর্ঘটনা