সিলেট-তামাবিল সড়ক দুর্ঘটনায় শিশু, কিশোরী ও বাবুর্চির মৃত্যু
বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে দুটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:০৯
সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় মারা গেছেন তিন মাস বয়সি এক শিশু, কিশোরী ও পর্যটকবাহী একটি গাড়ির বাবুর্চি। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আজ শনিবার দুপুরে সড়কের বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে দুটি প্রাইভেটকার ও ফেরিঘাট-সংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় বাস ও ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
কার দুর্ঘটনায় নিহত তিন মাস বয়সি শিশু আয়াত গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখেরপাড়ের হাসানুজ্জামানের ছেলে। শিশুর মা একজন চিকিৎসক বলে জানা গেছে। নিহত ১৫ বছর বয়সি কিশোরী আলিফ আক্তার অপর প্রাইভেটকারের যাত্রী। তিনি বরিশালের কাউসার আহমদের মেয়ে। এছাড়া বাস-ট্রাক দুর্ঘটনায় নিহত হাসান প্রামাণিকের বাড়ি রাজবাড়ি জেলায়। তিনি পর্যটকবাহী বাসের সঙ্গে বাবুর্চি হিসেবে ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, দুপুর ১২টার দিকে মহাসড়কের জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে ছেড়ে যাওয়া আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির পাঁচজন আহত হন। সিলেটগামী প্রাইভেটকারে পরিবারের সঙ্গে আহত হয় শিশু আয়াত। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর কারে যাত্রী ছিলেন আলিফ আক্তারসহ তার পরিবারের সদস্যরা। তারা জাফলং বেড়াতে যাচ্ছিলেন। আহতদের মধ্যে আলিফের বাবা কাউসার ও বোন আতিশা রয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে, প্রায় একই সময়ে তামাবিল মহাসড়কের ফেরিঘাট সংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৯) সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৭৫০১) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনজন আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে মারা যান বাসের যাত্রী বাবুর্চি হাসান প্রামাণিক (৪০) তার বাড়ি রাজবাড়ী জেলায় বলে জানা গেছে।
তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বাস ও ট্রাক জব্দ এবং কার দুটি শ্রমিক নেতাদের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলা হবে। হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
- বিষয় :
- সিলেট
- সড়ক দুর্ঘটনা