শতাধিক ভিমরুলের কামড়ে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০০:০৫
শেরপুরের শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বরকত আলী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাড়ির উঠানে একটি গাছের ডাল কাটতে যান বরকত আলী। এ সময় গাছের ডালে থাকা ভিমরুলের চাক ভেঙে গেলে ঝাঁকে ঝাঁকে ভিমরুল তাঁকে আক্রমণ করে। এতে তিনি শতাধিক কামড়ের শিকার হন। অসহ্য যন্ত্রণায় তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া। তিনি বলেন, ভিমরুলের কামড়কে গুরুত্ব না দেওয়ায় এ দুঃখজনক ঘটনা ঘটেছে।