ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি
×
×

ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২০:৩৩

মাদারীপুরের শিবচর উপজেলার নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউসুফ হাওলাদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রোববার দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর সন্ধ্যা থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতের মধ্যে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাইজুল ইসলাম কোনো ইউনিটের সভাপতি নয়। তিনি দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ আসার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কবিরাজি চিকিৎসার কথা বলে বাসায় এনে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন।’

এদিকে, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনি তার স্ত্রী। 

ঘটনা জানাজানির পর থেকে তাইজুল ইসলাম আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোনেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখার আমির মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, নিলখী ইউনিয়নের ওই এলাকাটি শিবচরের একটি দুর্গম অঞ্চল। তিনি এই দুর্গম এলাকায় (তাইজুল ইসলাম) দাওয়াত ও প্রচারণার কাজ করতেন। যেহেতু তিনি দায়িত্ব পালন করছিলেন, তাই স্থানীয়রা তাকে ইউনিয়নের সভাপতি হিসেবেই মনে করতেন। আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে মানুষ তাকে ভালো জানতেন। সম্প্রতি বিষয়টি জানার পর তাকে আমাদের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর জামায়াতের জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, অনৈতিক কর্মকাণ্ডের কোনো ছাড় নেই, সে যেই হোক। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং চূড়ান্ত সিদ্ধান্তটাও সঠিক নেওয়া হবে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাকিবুল হাসান জানান, আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে আপাতত পুলিশের কাছে আর কোনো নতুন তথ্য নেই।

আরও পড়ুন

×