ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যুবদল নেতার গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যুবদল নেতার গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
×
×

যুবদল নেতার গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৭:১৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও থানা ঘেরাও করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে তাঁরা থানার সামনে অবস্থান নেন। এ সময় ফারহানাকে হত্যার অভিযোগ তুলে হত্যা মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

নিহত ফারহানা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম শামীমের মেয়ে।

গত শুক্রবার সকালে উপজেলার সদর এলাকার বাহেরচর বাজারসংলগ্ন নিজ বাসা থেকে ফারহানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, তাঁরা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।

পরিবারের দাবি, ফারহানার মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁদের সন্দেহ। এ ঘটনায় হত্যা মামলা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবিতে তাঁরা কর্মসূচি পালন করেছেন।

ফারহানার ছোট ভাই উপজেলা বিএনপির সহসভাপতি রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর ভগ্নিপতি রাসেল জমি ও নগদ টাকা হাতিয়ে নিতে ফারহানাকে চাপ দিতেন এবং নানাভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে বসতঘর ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নেওয়ার পরও ফারহানার নামে থাকা জমি লিখে দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে নির্যাতন করা হতো।

রাইসুলের অভিযোগ, জমি লিখে নিতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

নিহত ফারহানা ইয়াসমিন শিলা রাসেল মাহমুদের দ্বিতীয় স্ত্রী। রাসেলের প্রথম স্ত্রীর ঘরের মেয়ে লাবিবা আক্তার (১১) অভিযোগ করে, তাঁর বাবা বিভিন্নভাবে মাকে নির্যাতন করতেন। গত বছর ধরে নির্যাতনের অংশ হিসেবে মায়ের সঙ্গে তাঁকে ওঠাবসা করতে দেওয়া হতো না এবং রাতে একা ঘুমাতে বাধ্য করা হতো। প্রায়ই গভীর রাতে তাঁর মাকে ঘর থেকে বের করে দেওয়া হতো বলেও অভিযোগ করে লাবিবা।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×