তারা বাড়ি ফিরলেন লাশ হয়ে
মজিবুর রহমান ও কুলসুম বেগম ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৪:০৫ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০৭:০১
মজিবুর রহমান তার স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে থাকতেন সিলেটের শ্রীমঙ্গলে। সেখানে কসমেটিক পণ্যের ব্যবসা করতেন তিনি। গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের বেপারী বাড়ি।
মঙ্গলবার বাড়িতে ফেরার কথা ছিল মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুম বেগমের (৪২)। এ উদ্দেশ্যে সোমবার রাতে তারা ট্রেনে ওঠেন। কিন্তু পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।
মঙ্গলবার মজিবুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায় মরদেহের জন্য অপেক্ষা করছেন স্বজনরা। চলছে শোকের মাতম।
রাজারগাও উত্তর ইউপি চেয়ারম্যন মো. আব্দুল হাদি মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। এরপর লাশ আনার জন্য লোকও পাঠানো হয়েছে। লাশ এলে তাদের পরিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
