ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

তূর্ণা নিশীথার চালক ও সহকারী পলাতক

তূর্ণা নিশীথার চালক ও সহকারী পলাতক
×

ছবি: ফোকাস বাংলা

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৫:১৯ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০৬:২৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথার চালক তাছেন উদ্দীন ও সহকারী চালক অপু দে পালাতক রয়েছেন।

দুর্ঘটনার পর পরই তারা পালিয়ে যান বলে সমকালকে নিশ্চিত করেছেন কসবা রেলওয়ে স্টেশন মাস্টার জাকের হোসেন।

তিনি জানান, সোমবার রাতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রেনের ইঞ্জিন চালু রেখেই তূর্ণা নিশীথার চালক ও সহকারী চালক পালিয়ে যান। পরে সকাল ৮টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে তূর্ণা নিশীথার ইঞ্জিন বন্ধ করে।

এদিকে কসবার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় তিনি ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় রেলমন্ত্রী বলেন, তূর্ণা নিশীথার লোকো মাস্টারের (চালক) ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ওই ট্রেনের লোকো মাস্টার, সহকারী লোকো মাস্টার ও ওয়ার্কিং গার্ডকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে বিভাগ গঠন করেছে চারটি তদন্ত কমিটি এবং জেলা প্রশাসক একটি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেবে রেল মন্ত্রণালয়। এছাড়া তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।

সোমবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

আরও পড়ুন

×