ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব
আমতলীর দুই জেলে এখনও নিখোঁজ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৫:৫৪
ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাব কাটলেও মঙ্গলবার পর্যন্ত বরগুনার আমতলীতে নিখোঁজ দুই জেলের সন্ধান পাওয়া যায়নি। এরা হলেন উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের শানু গাজী (৪০) ও জয়নাল মিয়া (৪২)।
এদিকে তিনদিনেও তাদের সন্ধান না পাওয়ায় দুই পরিবারে চলছে শোকের মাতম। ধারণা করা হচ্ছে, সাগরেই তাদের সলিল সমাধি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শানু গাজী ও জয়নাল মিয়া গত বুধবার একটি ট্রলারে করে মাছ শিকারে বঙ্গোপসাগরে যান। পরে সাগরে থাকা অন্য সব ট্রলার কিনারে ফিরলেও তাদের ট্রলারটি ফিরতে পারেনি।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড়ের আগে দুই জেলে সাগরে মাছ ধরতে গিয়ে এখনও ফিরে আসেনি।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, ‘দুই জেলের নিখোঁজের খবর পেয়েছি। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।’
