ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সেই প্রতিবন্ধী বোনদের ভাতার কার্ড দিলেন ইউএনও

সেই প্রতিবন্ধী বোনদের ভাতার কার্ড দিলেন ইউএনও
×

সমকালের অনলাইনে প্রকাশিত সেই সংবাদ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৮:০০ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০৯:০৬

সমকালের অনলাইনে গত ২৪ অক্টোবর “প্রতিবন্ধী ৪ মেয়েকে নিয়ে বৃদ্ধ বাবার লড়াই ” শিরোনামে প্রকাশিত সংবাদ দেখে মঙ্গলবার বিকেলে হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী দুই বোন শাবনুর ও পারভীনের হাতে ভাতার কার্ড তুলে দিয়েছেন ফুলবাড়িয়ার ইউএনও আশরাফ সিদ্দিক। এ সময় প্রতিবন্ধী ৪ কন্যার হতদরিদ্র নানী কুলসুম বেওয়াকেও বয়স্ক ভাতার কার্ড দেন ইউএনও।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, এর আগে বৃদ্ধ বাবার অপর ২ মেয়ে বিউটি আক্তার (২০) ও তাপুসি আক্তার (১৫) প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত ছিল। অসহায় পিতার ৪ প্রতিবন্ধী কন্যার প্রত্যেকে এখন থেকে প্রতিমাসে সাড়ে ৭শ টাকা করে ভাতা পাবেন।

ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের চৌরঙ্গীপাড় গ্রামের গাঙবড়াইল এলাকার এক দরিদ্র পরিবারের ৫ কন্যা সন্তানের মধ্যে ৪ জনই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল। হতদরিদ্র দিন মুজুর পিতা ইব্রাহিম মিয়া (৭০) তার প্রতিবন্ধী ৪ কন্যা পারভিন আক্তার (৩৫), বিউটি আক্তার (২০), তাপুসি আক্তার (১৫) ও শাবনূরকে (১১) রাতদিন সর্বক্ষণ আগলে রাখেন। সহায় সম্বলহীন ইব্রাহিমের পরিবারের জীবন কোনো দিন খেয়ে, আবার কোনো দিন না খেয়ে। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতিবন্ধী ৪ বোনের সহায়তার জন্য অনুদান পাওয়ার আবেদন পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×