পানির অবৈধ সংযোগ বন্ধে ফের সিসিকের অভিযান
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৮:১৭
বছরের শুরুতে অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করেছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এরপরও বন্ধ হয়নি অবৈধ সংযোগ। নগরবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার থেকে তাই ফের মাঠে নেমেছেন সিসিক কর্মকর্তারা।
সিসিকের জনসংযোগ শাখা জানায়, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কারণে অনেকদিন পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ বন্ধ ছিল। এ সুযোগে অনেকেই বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরায় অবৈধ সংযোগ দিয়ে পানি ব্যবহার করছেন। এ নিয়ে মেয়রের কাছে বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ করেছেন, অবৈধ সংযোগের কারণে তাদের বাসায় পানি মিলছেনা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল নগরীর ২৩ ওয়াডের্র বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় অন্তত ১০টি বাসার অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন এবং পানির পাম্প জব্দ করা হয়। জরিমানাও করা হয় কয়েকজনকে। তবে অনেকেই অভিযানের খবর পেয়ে পানির পাম্প সরিয়ে নেন।
অভিযানে সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপ-সহকারী প্রকৌশলী সুনীল মজুমদার, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ সংযোগের কারণে যারা প্রকৃত গ্রাহক তারা পানি কম পায়। এ নিয়ে তারা বার বার অভিযোগও দিচ্ছেন। তাই নগরবাসীর স্বার্থেই কঠোর অভিযান চালানো হবে।
- বিষয় :
- সিলেট সিটি করপোরেশন
