মধুখালীতে পিকআপ কেড়ে নিলো নাতি-নাতনি ও ঠাকুমার প্রাণ
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৪:২৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৪:৪৯
ফরিদপুরের মধুখালীতে নামযজ্ঞানুষ্ঠান শুনে বাড়ি ফেরা হলো না এক নারী ও তার দুই ছেলের তিন সন্তানের।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় কাঁচামাল বোঝাই পিকআপের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের।
নিহতরা হলেন- দিপালী পাল (৫০) , তার ছেলে সঞ্জয় পালের দুই শিশুপুত্র ঐশিক (১০), জয় (৭) এবং আরেক ছেলে তাপস পালের শিশুকন্যা ঝিনুক (৪)।
পুলিশ ঘটনাস্থল থেকে দিপালী পাল ও জয়ের লাশ উদ্ধার করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঝিনুক এবং ঢাকা নেওয়ার পর ঐশিক মারা যায়।
পুলিশ জানায়, মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বাসিন্দা অযোদ্ধ্যা পালের স্ত্রী দিপালী পাল (৫০) তার পরিবারের সদস্যদসহ এলাকার কয়েকজনের সঙ্গে স্থানীয় বাগাট ইউনিয়নের বাগাট দাসপাড়া গ্রামে নামযজ্ঞানুষ্ঠান শুনতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাগাট বাজার সংলগ্ন মুন্নু ফকিরের স’মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাঁচামাল বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ড-১৪-৭২৬১) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দিপালী পাল ও জয়পালের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় ঐশিক (১০), ঝিনুক (৪), সঞ্জয় পালের স্ত্রী গীতারণী (৩০) ও সঞ্জয় পালের বড় ভাই অসিত পালের মেয়ে মুক্তা। পরে হাসপাতালে নেওয়ার পথে ঐশিক ও ঝিনুক মারা যায়।
এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.কবির সরদার জানান, আহতদের অবস্থা আংশকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধুখালী থানার এস আই মাহাবুবুল করিম জানান, পিকআপটি পুলিশ জব্দ করেছে। চালককে আটক করা যায়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ডিজিএফআই ফরিদপুরের ইন্সপেক্টর মো. মালেক বুধবার দুপুরে ঝিনুক ও ঐশিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জয় ও ঐশিকের বাবা সেনাবাহীনির সদর দপ্তরে কর্পোরাল পদে এবং নিহত ঝিনুকের বাবা তাপস পাল সেনা সদস্য হিসেবে বগুড়া সেনানিবাসে কর্মরত আছেন।
