ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

টেকনাফে 'বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত' নিহত

টেকনাফে 'বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত' নিহত
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০১:২৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত' নিহত হয়েছে। তার নাম মাহমুদুল হাসান (৩৭)। তিনি টেকনাফের নয়াপাড়া শরণার্থী মৌচনি ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকার আহমেদের ছেলে। বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মিঠুন জয়, শাহীন, হাবিব আহত হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশের হাতে আটক রোহিঙ্গা ডাকাত মাহমুদুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে শালবন রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা মাহমুদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের কনস্টেবল মিঠুন, শাহীন ও হাবিব আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাহমুদুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জাকারিয়া মাহামুদ বলেন, রাতে আহত তিন পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।  আহত পুলিশ সদস্যদের  চিকিৎসক ছেড়ে দেওয়া হয় এবং গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, নিহত মাহমুদুলের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ মানবপাচারের মামলা রয়েছে। লাশটি ময়নাতদরে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

গত দুই বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে তিন নারীসহ ৫০ জন রোহিঙ্গা রয়েছে।

আরও পড়ুন

×