প্রাতঃভ্রমণে বের হয়ে ট্রলি চাপায় প্রাণ হারালেন খাদ্য কর্মকর্তা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ২৩:১১ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ | ০১:৫৪
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির চাপায় টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. মনিরুজ্জামান (৫৮) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোল্লা মো. মনিরুজ্জামান গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ গ্রামের মৃত মো. চাঁন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, গ্রামের বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হন মোল্লা মো. মনিরুজ্জামান। তিনি শহরের শেখ কামাল স্টেডিয়াম এলাকায় আসলে ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান নিহত হন। পরে পুলিশ ট্রলি ও ট্রলি চালক রফিককে (২২) আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- সড়ক দুর্ঘটনা