মেহেরপুরে চালকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ
ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০১:২৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ | ০৪:০৯
‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করার প্রতিবাদে মেহেরপুর জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়।
মেহেরপুরের বেশ কয়েকজন বাস চালক সমকালকে বলেন, নতুন আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচার আশা করা আমাদের পক্ষে অসম্ভব। যার কারণে আমরা বাস চালাতে চাচ্ছি না।
শুক্রবার সকালের দিকে কয়েকটি বাস ঢাকার উদ্যেশে ছেড়ে গেলেও শনিবার থেকে দূরপাল্লার বাসও বন্ধ রাখবেন বলে জানান শ্রমিকরা।
এদিকে সকাল থেকে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকে অবৈধ যান নসিমন, করিমন, ইজিবাইক, আলগামনসহ বিভিন্ন উপায়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সমকালকে জানান, যে আইন পাশ করা হয়েছে তাতে শ্রমিকদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। যার কারনে চালকরা পথে নামতে ভয় পাচ্ছেন। ফলে আজ থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্জ গোলাম রসুল বলেন, নতুন আইন শ্রমিকরা মানতে না চাওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন, মালিক-শ্রমিক মিলে বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
- বিষয় :
- মেহেরপুর
- ধর্মঘট
- বাস চলাচল বন্ধ
