সড়ক সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনে বাসদ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্তী- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৮:২০ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ | ০৮:২৬
বরিশাল নগরীর অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। কয়েক বছর ধরে সংস্কার না করায় প্রায় প্রতিটি রাস্তায় তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বিপরীতে নগরীর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে দুই থেকে তিনগুণ।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্তমান পরিষদের ব্যর্থতায় নগরী ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার বরিশালে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সড়ক সংস্কার ও হোল্ডিং ট্যাক্স কমানোসহ ৬ দফা দাবিতে শুক্রবার থেকে বরিশালে দাবিপক্ষ পালন কর্মসূচি শুরু করেছে দলটি। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্তী। তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল, পথসভা, গণসংযোগ এবং স্থানীয় কাউন্সিলরদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর ১ ডিসেম্বর নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে সমাবেশ শেষে সিটি মেয়রকে স্মারকলিপি দেওয়া হবে।
৬ দফা দাবি হলো- হোল্ডিং ট্যাক্স কমিয়ে নাগরিক সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাট-ড্রেন সংস্কার, নগরীর সব খাল সংস্কার, মাদক-জুয়া-যৌন হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু বিনোদনের জন্য প্রতি এলাকায় খেলার মাঠ ও পাঠাগার নির্মাণ এবং বিকল্প কর্মসংস্থান ছাড়া রিকশা, অটোরিকশা, হকার উচ্ছেদ বন্ধ করা।
ডা. মণিষা বলেন, নগরীর অনেক সড়ক এখন মাছ চাষের উপযোগী হয়েছে। লোক দেখানো দু-একটি সড়ক সংস্কার করা হলেও এর গতি মন্থর। খালগুলো দখলমুক্ত এবং পরিস্কার না করায় সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেগুলো এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।
বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালের ২৪ অক্টোবর দায়িত্ব নেন। এ সময়ের মধ্যে শুধু নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাসপাতাল রোড হয়ে সদর রোড ও বাংলাবাজার সড়ক পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।
এ বিষয়ে নগর ভবন থেকে বারবার বলা হচ্ছে, সড়ক সংস্কারে সহস্রাধিক কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। সেটি অনুমোদিত হলেই সড়ক সংস্কার শুরু হবে।
- বিষয় :
- সড়ক সংস্কার
- আন্দোলন
- বাসদ
- বরিশাল
