দক্ষ জনশক্তি তৈরিতে কাজ হচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
শুক্রবার রাজশাহী বিসিক শিল্প এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ইমরান আহমদ- সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৮:৩৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশে ও বিদেশে বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী দক্ষকর্মী তৈরীতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে অভিবাসীদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আধুনিক কর্মোপযোগী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার রাজশাহী বিসিক শিল্প এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রশিক্ষণ কেন্দ্রের দুটি ভবন উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ বলেন, দক্ষ হয়ে বিদেশে গেলে দুই-তিন গুন বেশি বেতন পাওয়া যায়। এজন্য দক্ষ জনশক্তির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যথোপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বিদেশ যেতে হবে সব কিছু জেনে, প্রশিক্ষণ গ্রহণ করে। তবে দালালদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে যুগোপযোগী করার প্রয়োজন ছিল। চাহিদা অনুযায়ী আধুনিকায়নের কাজটি সঠিক সময়ে হয়েছে। এই কেন্দ্র থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন তরুণ-তরুণীরা।
মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক ড. নূরুল ইসলাম। আরও বক্তব্য দেন বিএমইটি-র মহাপরিচালক শামছুল আলম ও রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।
