যশোরে প্রসূতির মৃত্যুর অভিযোগে চিকিৎসকসহ আটক ২
যশোর অফিস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৯:১৭
যশোরে চিকিৎসকের অবহেলায় অপারেশন টেবিলে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় শুক্রবার বিকেলে মামলা হয়েছে। মৃত ময়না বেগম (২৬) যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় পুলিশ এক চিকিৎসকসহ দু'জনকে আটক করেছে। রোগীর স্বজন হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে ময়না বেগমের প্রসববেদনা উঠলে তাকে প্রথমে কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক সেবিকা তাদের ভুল বুঝিয়ে সামনের বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। মধ্যরাতে তড়িঘড়ি করে সেখানে ডা. পরিতোষ কুমার কুন্ডু সিজারিয়ান অপারেশন করেন।
প্রসূতির ভাই শিমুল পারভেজ বলেন, চিকিৎসকের অবহেলায় অপারেশন টেবিলেই ময়নার মৃত্যু হয়। এরপর ডাক্তার ও ক্লিনিকের ম্যানেজার বিষয়টি ধামাচাপা দিতে 'রোগীর অবস্থা ক্রিটিক্যাল' বলে অ্যাম্বুলেন্স ডেকে খুলনায় পাঠানোর চেষ্টা করে। স্বজনরা বুঝতে পেরে রোগী আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডা. পরিতোষ কুমার কুন্ডু ও ক্লিনিকের ম্যানেজার আকরাম হোসেনকে আটক করে। ডা. পরিতোষ কুমার কুন্ডু গাইনি বিশেষজ্ঞ না হয়েও সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ময়না খাতুনকে মেরে ফেলেছেন।
তবে অভিযুক্ত চিকিৎসক পরিতোষ কুন্ডু বলেন, সুন্দরভাবে সিজার হয়েছে। এতে কোনো সমস্যা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণও হয়নি। অ্যানেসথেসিয়া অপারেশনের পর সেলাই করে দিয়ে আমি চলে গেছি। উনি মারা গেছেন শ্বাসকষ্টের কারণে। রোগীর যে শ্বাসকষ্ট ছিল, সে কথা স্বজনরা আগে জানায়নি।
এ ঘটনায় শুক্রবার বিকেলে ময়না বেগমের স্বামী ইসমাইল হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ক্লিনিক ম্যানেজার ও ডাক্তারকে আটক করেছে।
- বিষয় :
- প্রসূতির মৃত্যু
- চিকিৎসকসহ আটক
