কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের চালকের সহকারী গ্রেফতার
কৃষ্ণা রায় (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪২
রাজধানীর বাংলামোটর এলাকায় বাসচাপায় বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় ট্রাস্ট ট্রান্সপোর্ট বাসের চালকের সহকারী বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ঢাকা মহানগর পুলিশ সুপার বশীর আহমেদ।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্টের ঘটনার পর থেকে বাচ্চু পালিয়েছিলেন। তাকে ঢাকা মেট্রো পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পিবিআই ঘটনার তদন্ত করছে।
এর আগে, গত ১ সেপ্টেম্বর ট্রাস্টের বাসচালক মোরশেদকে রাজধানীর মিরপুর এলাকার কাজীপাড়া থেকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের একটি দল।
মোরশেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি এখন কারাগারে।
কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অর্থ বিভাগের সহকারী ব্যবস্থাপক। গত ২৭ আগস্ট তিনি বাংলামটরে অফিস থেকে বের হয়ে উল্টো পাশের সড়কে দাঁড়িয়েছিলেন। এ সময় ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস ফুটপাতে উঠে গিয়ে তাকে ধাক্কা দেয়। বাসটির চাকায় পিষ্ট হয়ে তার বাঁ পা থেঁতলে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম চৌধুরী হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় বাসের মালিক, চালক ও হেলপারকে আসামি করা হয়।
ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের পরিবার দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে।
- বিষয় :
- কৃষ্ণা রায়
- সড়ক দুর্ঘটনা
- গ্রেফতার
- আসামি