গৃহকর্মীকে উত্ত্যক্তের দায়ে বখাটে গ্রেফতার
ফাইল ছবি
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:১৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:২০
দাগনভূঞা পৌর শহরের বেতুয়া গ্রামে এক গৃহকর্মীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে গৃহকর্মীকে (১১) উক্তত্য করার সময় ভ্রাম্যমান ফল বিক্রেতা মো. হারুনকে (২৭) পুলিশ গ্রেফতার করে।
হারুন মিয়া চট্টগ্রামের কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষা গ্রামের মৃত ওছি মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে গৃহকর্মীকে একা পেয়ে হারুন গায়ের ওড়না ধরে টানাটানি করেন। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হারুনকে আটক করে পুলিশে দেন।
এই ঘটনায় ওই গৃহকর্মীর মা ফাতেমা বেগম বাদী হয়ে থানায় হারুনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ফাতেমা বেগম জানান, হারুন আমার মেয়েকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর প্রায় সময় রাস্তা-ঘাটে উক্তত্য করতে থাকে। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করার পরও সে আমার মেয়ের ওড়না ধরে টানাটানি করেছে।
থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গৃহকর্মী
- ফলবিক্রেতা
- প্রেমের প্রস্তাব