রেল দুর্ঘটনা নাশকতা কি-না খতিয়ে দেখা হচ্ছে: রেলমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন -সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৮:০০
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সাম্প্রতিক রেল দুর্ঘটনা ও বগিতে অগ্নিকাণ্ড নাশকতা কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। এসব দুর্ঘটনা তাদের ষড়যন্ত্রেরই অংশ হতে পারে।
শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে চার দিনের আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী সুজন আরও বলেন, ২০১৪ সালে হরতালের নামে দেশের সম্পদ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। বাস ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। উল্লাপাড়ার ঘটনায়ও সেই ধরনের আলামত পাচ্ছি। আশা করি, পুলিশ প্রশাসনের মাধ্যমে শিগগির সঠিক ঘটনা উদঘাটন করতে পারব।
পঞ্চগড় সহকারী কর কমিশনারের কার্যালয় আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, চেম্বার সভাপতি আব্দুল হান্নান শেখ, সহকারী কর কমিশনার আফরোজা বেগম বক্তব্য দেন। পরে মন্ত্রী কর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
- বিষয় :
- রেলমন্ত্রী
- নূরুল ইসলাম সুজন
