কুমিল্লায় জাতীয় পার্টির সভায় হাতাহাতি
সভায় নেতাকর্মীদের হাতাহাতি- সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৮:৪১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৯:২৫
কুমিল্লায় জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সভায় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে হাতাহাতি ও হট্টগোল শুরু হয়। পরে কুমিল্লা সার্কিট হাউসেও দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই কর্মী ও এক নেতাকে আটক করলেও পরে ছেড়ে দেয়। এ ঘটনায় কেউ গুরতর আহত হননি। তবে সাবেক এমপি আমির হোসেনসহ ১০ জন আহত হয়েছেন বলে দাবি করলেও অন্য আহতদের নাম বলতে পারেননি নেতারা।
শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগরের সাংগঠনিক সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি। সভা চলাকালে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি সালামত উল্লাহ বাচ্চুর সঙ্গে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহনের বাক-বিতণ্ডা হয়। এর পর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক আমির হোসেন বক্তব্য দিতে গেলে দাউদকান্দি উপজেলার নেতা মাখন সরকার মাইক কেড়ে নেন। এতে সভামঞ্চেই উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে টাউন হল মাঠে ওই দুই পক্ষের কর্মীদের মধ্যে আবার হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ এ সময় দুই কর্মীকে আটক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সভা শেষে কেন্দ্রীয় নেতারা কুমিল্লা সার্কিট হাউসে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের জন্য যান। সার্কিট হাউসে আবার ওই দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমির হোসেন ও মাখন সরকার আহত হন বলে দাবি করা হয়েছে। পুলিশ এ সময় মাখন সরকারকে আটক করে। জানা যায়, দলীয় কোন্দল ও পূর্বের দ্বন্দ্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
উত্তর জেলা জাতীয় পার্টি সভাপতি লুৎফুর রেজা খোকন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি কেন্দ্রীয় নেতারা মীমাংসা করে দিয়েছেন। কেউ আহত হননি।
কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক জানান, টাউন হল ও সার্কিট হাউসের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। অভিযোগ না থাকায় কেন্দ্রীয় নেতাদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশ্তী, সিনিয়র সহসভাপতি ও বিরোধীদলীয় হুইপ অধ্যাপক রওশন আরা মান্নান, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহাবুবুর আলম সেলিমসহ কুমিল্লা দক্ষিণ, উত্তর ও মহানগরের নেতারা বক্তব্য দেন।