ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লামায় আরেক বুনোহাতির রহস্যজনক মৃত্যু

লামায় আরেক বুনোহাতির রহস্যজনক মৃত্যু
×

বুনোহাতির মৃতদেহটি পড়ে আছে- ফোকাস বাংলা

লামা প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৯:৪২

মাত্র ১০ দিনের ব্যবধানে বান্দরবানের লামায় আরও একটি বাচ্চা বুনোহাতির মৃতদেহ পাওয়া গেছে। শনিবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার দুর্গম পাহাড়ি চাককাটার ঝিরিতে আনুমানিক আড়াই থেকে তিন বছর বয়সী হাতিটির মৃতদেহ পাওয়া যায়। 

খবর পেয়ে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান, ইউনিয়ন পরিষদ চেযারম্যান মো. জাকের হোসেন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কেউ বলছেন রোগাক্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে, আবার কেউ কেউ বলছেন বিদ্যুতের ফাঁদে পড়ে মারা গেছে। এর আগে গত ৬ নভেম্বর আরও একটি বুনোহাতির মৃতদেহ পাওয়া যায়।

কয়েকজন স্থানীয় অধিবাসী জানান, বিভিন্ন সময় গভীর জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে হাতির পাল ওই এলাকায় হানা দিয়ে ফসলি জমি, ঘরবাড়ি, মানুষ ও বাগানের ক্ষয়ক্ষতি করে। এ থেকে রক্ষা পেতে বাগান ও ফসলি জমির চারপাশে প্রায়ই বিদ্যুতের ফাঁদ পেতে হাতি তাড়ানোর চেষ্টা করে কিছু মানুষ। গত রাতে বুনোহাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে নামলে বাচ্চা হাতিটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারা যায়। অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলের আশপাশের এলাকার অধিবাসীরা বলেন, সম্ভবত হাতির বাচ্চাটি রোগাক্রান্ত ছিল।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার বলেন, মৃত হাতিটির শুঁড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য সেটি চট্টগ্রাম পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×