উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: সোমবার গণমন্তব্য নেবে তদন্ত কমিটি
ফাইল ছবি
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:৩৪
উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা বিষয়ে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের মন্তব্য নেওয়া হবে। সোমবার পশ্চিম রেলওয়ে পাকশীর বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে গঠিত তদন্ত কমিটি এ মন্তব্য নেবে। ওই কমিটির প্রধান পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএম) আবদুল্লাহ আলম মামুন। শনিবার ডিআরএম মিজানুর রহমান এ তথ্য জানান।
তদন্তে গুরুত্ব পাচ্ছে লাইনের ত্রুটি: ট্রেন দুর্ঘটনার তদন্তে গঠিত ৪টি কমিটি নিজ নিজ আঙ্গিকে এরই মধ্যে কাজ শুরু করেছে। শনিবার বিকেল থেকে রেল মন্ত্রণালয়, পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন তদন্ত শুরু করেছেন। তদন্ত দলের লোকজন দুর্ঘটনার নেপথ্যে বিভিন্ন ত্রুটি খুঁজে বেড়াচ্ছেন। তবে সিগন্যালের ত্রুটির চেয়ে উল্লাপাড়া-ঈশ্বরদী রেলপথের লাইনে কোনো ত্রুটি ছিল কি-না, সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক মিজানুর রহমান তদন্ত কাজ চলাকালীন শনিবার গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানান। পাকশীর ডিটিএম আবদুল্লাহ আলম মামুন প্রাথমিক তদন্তে রেলপথের ত্রুটির কথাই বারবার গণমাধ্যমকর্মীদের বলেন।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ শনিবার উল্লাপাড়া পরিদর্শনে এসে বলেন, রেল বিভাগ এখন আর মান্ধাতার আমলের সিগন্যাল পদ্ধতিতে পরিচালিত হয় না। তবে, কম্পিউটার বেজড্ ইন্টারলক্ড সিস্টেম বা সিবিআই পদ্ধতি যারা পরিচালনা করেন তাদের দায়িত্বে অবহেলা ও গাফিলতি ছিল কি-না, সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। সেটি ভালো করে খতিয়ে না দেখে একতরফা লাইনের ত্রুটির কথা বলা যুক্তিযুক্ত নয়।
সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হয়নি রেলপথ: ক্ষতিগ্রস্ত সবক'টি লাইন সচল হয়েছে শুক্রবার রাতে- পশ্চিমাঞ্চল রেল বিভাগের লোকজন এমন দাবি করলেও এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি। শনিবারও দিনভর লাইন সংস্কারে মহাব্যস্ত ছিলেন রেলের কমকর্তা-কর্মচারীরা। পশ্চিমাঞ্চল রেল বিভাগের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান শুক্রবার রাতে দাবি করেন, দুর্ঘটনার ৩০ ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সবক'টি লাইন পুনরায় সচল হয়েছে।
সরেজমিন উল্লাপাড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম শনিবার বিকেলে জানান, এক নম্বর লাইন সংস্কারে শনিবারও দিনভর ব্যস্ত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের লোকজন। এখনও ট্রেনের প্রচণ্ড সিডিউল বিপর্যয় রয়েছে। উল্লাপাড়ায় সংস্কার কাজ শেষ না হওয়ায় শনিবারও ধীর গতিতে ট্রেন চলাচল করেছে। তার মতে, এ অবস্থার উন্নতি হতে এক সপ্তাহ সময় প্রয়োজন।
- বিষয় :
- উল্লাপাড়া
- সিরাজগঞ্জ
- ট্রেন দুর্ঘটনা
- গণমন্তব্য
