শিয়াল খেল দেহের অংশ
নিখোঁজের ৬ দিন পর শিশুর বীভৎস মৃতদেহ উদ্ধার
ছবি: গুগল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:৪৫
শিয়ালে খেয়ে ফেলেছে শরীরের অনেক অংশ। দেহের সঙ্গে নেই হাত-পা। মস্তকহীন শিশুর শরীরজুড়ে পোকামাকড়ের হাঁটাহাঁটি।
শনিবার দুপুরের দিকে গাজীপুরের মণিপুর এলাকায় বাড়ির পাশে বন বিভাগের সামাজিক বনায়নের আওতায় একটি বাগান থেকে পাঁচ বছর বয়সী মুনিয়া আক্তারের এই বীভৎস মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর তার মৃতদেহ পাওয়া গেল।
নিহত মুনিয়া পোশাক কারখানা শ্রমিক বাবা-মায়ের দ্বিতীয় সন্তান।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দুপুরে মুনিয়া জামাকাপড় পরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও শিশুটি আর ফিরে আসেনি। পরে তার বাবা পোশাক কারখানা শ্রমিক মনজুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, শিশুটির সন্ধান পাওয়ার জন্য জঙ্গলে একটি মোরগ ছেড়ে দেবেন বলে মানত করেন মা আসমা বেগম। পরে শনিবার দুপুরের দিকে ওই বাগানে তিনি মোরগ ছেড়ে দেওয়ার জন্য যান। এ সময় বাগানের একটি ঝোপের মধ্যে কন্যার খণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি জানান, শিশুটির দেহের অনেক অংশ শিয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। এমনকি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে হাত ও পা। গলা কেটে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ওই স্থানে মৃতদেহ ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- গাজীপুর
- শিয়াল
- মৃতদেহ উদ্ধার
