গজারিয়ায় লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ২৩:১১ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০০:১১
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কীর্তন খোলা-২ এর ধাক্কায় এমভি নাজিয়া নামে একটি বালুভর্তি বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিঁখোজ রয়েছেন।
গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিন্যান্ট কমান্ডার আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিঁখোজ তিন শ্রমিককে খুঁজতে ও ডুবে যাাওয়া বাল্কহেড উদ্ধারে ডুবুরি দল, কোস্টগার্ড ও পুলিশের সমন্বিত অভিযান চলছে মেঘনা নদীতে।
শনিবার রাতে স্থানীয় কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী আটটি বাল্কহেড আটক করে কোস্টগার্ডের জেটির পাশে নদীতে নোঙ্গর করে রাখে। রোববার ভোর সাড়ে চারটার দিকে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তন খোলা-২ লঞ্চটি নোঙ্গর করা বালুভর্তি বাল্কহেড এমভি নাজিয়াকে ধাক্কা দিলে সেটি নদীতে ডুবে যায় এবং অপর বাল্কহেড এমভি আল আসওয়া সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
ডুবে যাওয়া বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে মিজানুর রহমান বের হতে পারলেও আরো তিন শ্রমিক মুন্না মোল্লা, আসলাম মিয়া ও এমাদুল হক নিঁখোজ রয়েছেন বলে জানিয়েছেন ডুবে যাওয়া বল্কহেড নাজিয়ার মালিক রুহুল আমিন মিয়া ও প্রত্যক্ষদর্শী শ্রমিক মিজানুর রহমান।
গজারিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, এমভি কীর্তন খোলা-২ পুলিশ হেফাজতে রয়েছে, লঞ্চের মাস্টার (চালক) শহিদুল ইসলাম কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- গজারিয়া
