ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০২:৩৭
ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরের একটি মেস থেকে মুজাহিদ ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুজাহিদ দিনাজপুর জেলার কোতয়ালী থানার মোহাম্মদপুর হাজীপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে এবং ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
এলকাবাসী জানায়, রোববার সকালে মুজাহিদের এক রুমমেট ঘুম থেকে উঠে গলায় ফাঁস লাগানো অবস্থায় মুজাহিদের মরদেহ ঝুলতে দেখেন। এরপরই তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে বিষয়টি সকলকে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় নিজের রুমে ফ্যানের সঙ্গে কাপড়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভিরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহটি প্রেরণ করা হয়েছে । প্রতিবেদন আসার পরেই কলেজ ছাত্রের মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে।