নুডলস খাওয়া নিয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিক খুন
ফাইল ছবি
পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৮:১৯
তুচ্ছ ঘটনায় পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সহকর্মীর ছুরিকাঘাতে ফিং লিউ জুন (৩৬) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে
বিদ্যুৎকেন্দ্রের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। পরে অন্য শ্রমিকরা সং ঝিয়াংকে আটকে
রেখে পুলিশে খবর দেন।
রোববার দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে সং ঝিয়াংকে আটক করে। নিহত ফিং লিউ জুনের বাড়ি চীনের হিনান প্রদেশে।
বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির (বিসিপিসিএল) উপবিভাগীয় প্রকৌশলী পিঞ্জুর রহমান জানান, ফিং লিউ জুন ও সং ঝিয়াং দু'জনই এক রুমে থাকতেন। কাজ শেষ করে শনিবার সন্ধ্যার পর দু'জন রুমে বসে গল্প করছিলেন। দু'জন মিলে নুডলসও রান্না করেন।
তিনি জানান, নুডলস খাওয়া নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে একপর্যায়ে সং ঝিয়াং ফল কাটার ছুরি দিয়ে ফিং লিউ জুনকে আঘাত করেন। ছুরি ফিং লিউ জুনের বুকের বাঁ পাশে বিদ্ধ হয় এবং তিনি মেঝেতে পড়ে যান। খবর পেয়ে বিসিপিসিএলের কর্মকর্তারাসহ শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে ফিং লিউ জুনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নুডলস খাওয়া নিয়ে দু'জনের মধ্যে
ঝগড়া থেকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সং ঝিয়াংকে আটক করা হয়েছে। এ
ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
- পটুয়াখালী
