ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বুড়িচংয়ে বিএনপি ও যুবদলের সম্মেলনের অনুমতি মেলেনি

বুড়িচংয়ে বিএনপি ও যুবদলের সম্মেলনের অনুমতি মেলেনি
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ১০:৪৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ১১:০৩

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা বিএনপি ও যুবদল একই স্থানে সভা আহ্বান করায় তার অনুমতি দেয়নি প্রশাসন।

বুড়িচং বিএনপি সোমবার উপজেলার ভারেল্লা ইউনিয়নের সোন্দ্রম উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন আহ্বান করে। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনকে।

এদিকে সারাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং উপজেলা যুবদল একই স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আহ্বান করে। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেন উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক নাসির আহমেদ মুন্সী।

একই স্থানে দুটি সংগঠন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করে স্থানীয় প্রশাসন। পরে উপজেলা প্রশাসন দুই সংগঠনের কাউকেই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান জানান, উপজেলা বিএনপির সম্মেলন করার লক্ষ্যে আমরা সভা আহ্বান করেছি। এ বিষয়ে ১৫ দিন পূর্বে উপজেলা চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আনুমতি কিংবা বাধা কিছুই দেয়নি।

এদিকে বুড়িচং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির আহমেদ মুন্সী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সভার অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেছি। একই স্থানে অন্য কেউ সভা আহ্বান করেছে কি-না আমার জানা নেই।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র জানান, একই স্থানে দুটি সংগঠন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় উভয়কে তা না করার নির্দেশ প্রদান করা হয়েছে। যদি নির্দেশ অমান্য করে সভার আয়োজন করা হয়, তবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, দুটি সংগঠনের কাউকেই প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন

×