দৌলতপুরে ১৬ বছর পর আ’লীগের কাউন্সিল, চাঙ্গা নেতাকর্মীরা
উপজেলার পথে পথে শোভা পাচ্ছে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত নানা ধরণের ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড -সমকাল
আহমেদ রাজু, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০০:৪৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০৩:৩৯
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল প্রায় ১৬ বছর পর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপজেলায় সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালে। নানা জটিলতায় দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ার ফলে দলীয় কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু দেরিতে হলেও কাউন্সিলকে কেন্দ্র করে চাঙ্গা হয়েছে আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের মাঝে আবার যেন প্রাণ ফিরে এসেছে। তাই কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। ইতিমধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের কাউন্সিল সফল ভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ কর্মীদের মতে, এ উপজেলায় পূর্বের যে কোন সময়ের চেয়ে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ফলে দলীয় শক্তিও বেড়েছে বহুগুণ।
কাউন্সিলকে কেন্দ্র করে কাউন্সিলের স্থান ও এর আশপাশের এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পথে পথে শোভা পাচ্ছে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত নানা ধরণের ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড। রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে তোরণ। বুধবার বেলা ২টায় দৌলতপুর অনার্স কলেজ মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ কাউন্সিলে উপস্থিত থাকবেন। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ১৪টি ইউনিয়ন ও উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। ফলে পছন্দের পদপদবির জন্য অনেকে তদবিরও চলাচ্ছেন সমান তালে। তবে সাধারণ কর্মীদের প্রত্যাশা, তদবির নয় যোগ্যরাই কমিটিতে স্থান পাবেন।
দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতি, মাদক, জঙ্গিমুক্ত বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সমাজ পরিবর্তন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতারাই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। কোন বিতর্কিত ব্যাক্তিকে আওয়ামী লীগের দায়িত্ব দেয়া হবে না বলে তিনি প্রত্যাশা করেন।
- বিষয় :
- কুষ্টিয়া
- আওয়ামী লীগ
