ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

একযুগ সাজা খেটে বেরিয়েই ডাকাতি, 'বন্দুকযুদ্ধে' নিহত

একযুগ সাজা খেটে বেরিয়েই ডাকাতি, 'বন্দুকযুদ্ধে' নিহত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৬:১৫

একটি মামলায় একযুগ সাজা খেটে বেরিয়েই একটি ডাকাতির মামলায় আবারও গ্রেফতার হন আবদুল আজিজ ওরফে আইজ্জা নামের এক ব্যক্তি। এরপর রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন তিনি। চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ প্রোপার্টিস লিমিটেড আবাসিক এলাকার চার নম্বর সড়কের পশ্চিমে টিলার ওপর এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আবদুল আজিজ ওরফে আইজ্জার বিরুদ্ধে একটি হত্যা ও একটি ডাকাতির মামলা রয়েছে। একটি মামলায় প্রায় একযুগ সাজা খাটার পর তিনমাস আগে জামিনে মুক্তি পান তিনি। ঘটনাস্থল থেকে একটি দেশিয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী সমকালকে জানান, গত ১৫ নভেম্বর জুমার নামাজের সময় গরিবুল্লাহ হাউজিং সোসাইটির একটি বাসায় এক নারীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ও টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ শাহজালাল নামের এক অটোরিকশা চালককে গ্রেফতার করে। তার বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার এলাকায়। তার দেওয়ার তথ্যের ভিত্তিতে নগরের পুরাতন গির্জা এলাকার নবরত্ন জুয়েলার্স থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার উদ্ধার ও জুয়েলার্সটির মালিক দুর্জয় বণিককে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা থেকে মো. রফিক নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ডাকাতির সঙ্গে আজিজের যুক্ত থাকার তথ্য পায় তারা। এরপর তাকে গ্রেফতার করা হয়। রোববার গভীর রাতে তাকে নিয়ে অভিযানে গেলে আজিজ ও তার সঙ্গীরা

পুলিশকে লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থলে আজিজকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×