পেকুয়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ একজন নিহত
পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৩:৫৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:৫৬
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মোহাম্মদ আলম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আলম ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতনসহ বিভিন্ন আইনে সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে দুই দল ডাকাত সদস্যের মধ্যে বড় ধরনের অস্ত্রের চালান কেনাবেচার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলামের নেতৃত্বে টৈটং ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোহাম্মদ আলম গুলিদ্ধি হন। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে দেশি ১২টি বন্দুক ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জানান, আহত পুলিশ সদস্য ও ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করবে।
আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে
