উল্লাপাড়ায় ২৪ ঘন্টায় ৮০ টাকা কমল পেঁয়াজের দাম
ফাইল ছবি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:৩০
গত কয়েকদিনে পেঁয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেলেও দাম কমতে শুরু করেছে মসলা জাতীয় এ খাবারটির। বিগত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৮০ টাকা।
পৌর বাজার, স্টেশন বাজার, শ্রীকোলা বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে সোমবার রাত ১০টা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকা দরে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সব বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০টাকায়।
উল্লাপাড়া পৌর শহরের পেঁয়াজ ব্যবসায়ী সামিউল ইসলাম সমকালকে জানান, সোমবার বিকেলে পাবনার বেড়া, রাজশাহীর তাহেরপুরসহ কয়েকটি আড়তে পেঁয়াজের আমদানি বৃদ্ধির ফলে দাম কমে গেছে। এছাড়া সাধারণ কৃষকেরা বেশি মূল্য পাওয়ার জন্য আগাম বোনা পাতা পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন বলেও দাম অনেকটা কমে গেছে।
পৌর বাজারের আরেক পেঁয়াজ ব্যবসায়ী শামীম হাসান জানান, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের নেতৃত্বে পরপর দুইদিন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় পেঁয়াজ ব্যবসায়ীরা দাম বাড়াতে সাহস পাইনি।