ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লোকালয়ে বুনো হাতি, হামলায় আহত ৫

লোকালয়ে বুনো হাতি, হামলায় আহত ৫
×

সন্ধ্যায় বনে ফিরে গেছে হাতিটি -সমকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৭:১৫

খাবারের সন্ধানে কক্সবাজারের চকরিয়ার লোকালয়ে নেমে এসেছিল দলছুট একটি বন্যহাতি। শুক্রবার ভোরে হাতিটি লোকালয়ে আসার পর তিনটি ইউনিয়নে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। এর পর সর্বশেষ বিএমচর ইউনিয়নের লোকালয়ে গিয়ে হাতিটি দীর্ঘসময় অবস্থানের পর সন্ধ্যার দিকে বনে ফিরে গেছে।

স্থানীয়রা জানায়, দলছুট হয়ে হাতিটি প্রথমে চলে আসে চিরিঙ্গা ইউনিয়নের লোকালয়ে। সেখানে এক শিশুকে সামনে পেয়ে হামলা চালায়। এরপর সাহারবিল ইউনিয়নে দুই শিশুকে এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নে দুই বৃদ্ধার ওপর হামলা চালায় হাতিটি। হামলায় আহত পাঁচজনের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আহতরা হলেন- চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের আবদুল মান্নানের তিন বছরের শিশুকন্যা উম্মে সালমা, সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসাইন (৩) ও মোহাম্মদ সেলিমের মেয়ে মহিমা বেগম (৭), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাছিম আলী সিকদার পাড়ার মনজুরুল আলমের স্ত্রী মর্তুজা বেগম (৬০) ও একই ইউনিয়নের চরপাড়ার আহমদ হোসেনের স্ত্রী আয়েশা বেগম (৬৫)।

এদিকে খবর পেয়ে বনবিভাগ, সাফারি পার্কের কর্মকর্তারা মাহুত, ইআরটি ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে তার আবাসস্থলে ফেরানোর চেষ্টা করে। সারা দিন চেষ্টার পর সন্ধ্যায় হাতিটিকে মাতামুহুরী নদী পার করিয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের পহরচাঁদা বনাঞ্চলে ঢুকিয়ে দিতে সক্ষম হন তারা।

এ ব্যাপারে চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাতিটি ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে খাবারের সন্ধানে লোকালয়ে আসে। ভোর হওয়ার আগেই অন্য হাতিগুলো নির্দিষ্ট আবাসে ফিরে গেলেও দলছুট হয় এই হাতি। হাতির হামলায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘লোকালয়ে আসা হাতিকে আবাসে ফেরাতে বনবিভাগ ও সাফারি পার্ক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও নিয়োজিত ছিল। হাতির হামলায় আহত এক নারীর ছেলে থানায় সাধারণ ডায়েরি করেছেন। অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানা নেই।’ 

আরও পড়ুন

×