ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হোসিয়ারি শিল্পের উন্নয়নে কাজ করছে ‘ওসাকা’

হোসিয়ারি শিল্পের উন্নয়নে কাজ করছে ‘ওসাকা’
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৭:২৭

একসময় পাবনার মানুষের জীবিকা অর্জনের অন্যতম উৎস ছিলো হোসিয়ারি শিল্প প্রতিষ্ঠানের কাজ। কালের বিবর্তনে হোসিয়ারি শিল্প যোগাযোগ, রাজনৈতিক, অর্থনৈতিক, শ্রমিক অসন্তোষসহ নানাবিধ কারণে ভঙ্গুর হয়ে পড়ে। তৈরি পোশাক বা আরএমজি খাতের মৃতপ্রায় এই শিল্পের সঙ্গে জড়িত হাজারও মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়।

তবে ২০১৭ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)- এর অর্থায়নে, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর কারিগরি সহযোগিতায়, পাবনার বেসরকারি প্রতিষ্ঠান ‘ওসাকা’ ক্ষুদ্র তৈরি পোশাক শিল্পের উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের কাজ শুরু করে। এখন ভারতের ১২/১৩ জন আমদানিকারক গেঞ্জি, জগার্স, ট্রাওজারসহ অন্যান্য গার্মেন্টস পণ্য পাবনা থেকে আমদানি করছেন।

রাজাপুর গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আল-মদিনা গার্মেন্টস এর কর্ণধার মো. আবু বক্কার বলেন, ২০১৭ সালের শেষের দিকে ওসাকা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান রাজাপুরের গার্মেন্টস ব্যবসায়ীদের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করার মাধ্যমে কাজ শুরু করে। প্রত্যন্ত অঞ্চলের নারী ও পুুরুষদের সুইং, কাটিং, ফিনিশিং ও ব্যবসা ব্যবস্থাপনা, অনলাইন মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেয়। ফলে অল্প দিনেই এই সেক্টরের প্রতিটি জায়গাতেই উন্নয়নের ছোঁয়া লাগে।

তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু টেকনিক্যাল বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা নয়, স্থানীয় মার্কেট ব্যবসায়ীদের নতুন নতুন টেকনোলজি ফিউজিং, বয়লার আয়রন, কাটিং মেশিন প্রভৃতির সঙ্গে পরিচিতি স্থাপনেও সহযোগিতা করেছে। সর্বোপরি বিগত ৩ বছরে এই সেক্টেরের লেনদেন বেড়েছে দ্বিগুণ, যা বাৎসরিক প্রায় ১০০ কোটি টাকা।

পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের সভাপতি বারিক হোসেন জনি বলেন, ওসাকা হোসিয়ারি সেক্টরের উন্নয়নে ৩ বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে, যার সুফল আমাদের ব্যবসায়ীরা ইতোমধ্যে পেতে শুরু করেছে। আমরা লক্ষ্য করেছি- প্রকল্পের সহায়তায় এখানকার অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও কারিগরসহ এই সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক পরিবর্তন ঘটেছে।

আরও পড়ুন

×