ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

জামিন পেলেন সেই তুফান

জামিন পেলেন সেই তুফান
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০৯:১০

বগুড়ার বহুল আলোচিত মা-মেয়েকে ন্যাড়া করে নির্যাতন ও ধর্ষণ মামলার প্রধান আসামি শহর শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকার জামিন পেয়েছেন। 

রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক একেএম ফজলুল হক তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদন করেন তুফানের আইনজীবী আব্দুল মান্নাফ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে তুফান সরকার। এরপর ২৮ জুলাই তুফানের স্ত্রীর বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির বাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরে এ ঘটনায় ছাত্রীর মা বগুড়া সদর থানায় দুটি মামলা করেন। ঘটনার পর পরই মামলার প্রধান আসামি তুফান সরকার, তার স্ত্রী আশা, শাশুড়ি রুমি খাতুন ও শ্যালিকা পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

দুই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর তুফান সরকারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ। ধর্ষণের মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ জনকে এবং ন্যাড়া করে দেওয়ার মামলায় ১৩ জনকে আসামি করা হয় অভিযোগপত্রে। দুই মামলাতেই প্রধান আসামি তুফান সরকার। গত বছরের ২২ জানুয়ারি বগুড়ার নারী ও শিশু আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন আবেদন করেন তুফান, যা উচ্চ আদালত খারিজ করে দেন। এরপর জুন মাসে ভার্চুয়াল আদালতে আবারও জামিনের আবেদন করলে শুনানির পর জামিন আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। এক পর্যায়ে গত বছরের ২৭ ফেব্রুয়ারি তুফান সরকারের জামিন আবেদন উচ্চ আদালত খারিজ করে দিয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার বিচারের জন্য পাঠান। রোববার জামিন পাওয়ায় জেলহাজত থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তুফানের আইনজীবী। অন্যদিকে, মা-মেয়ের মাথা ন্যাড়া করে নির্যাতনের মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তুফান সরকার।

আরও পড়ুন

×