খোকসায় আ’লীগের সম্মেলন শুরুর আগে দু'পক্ষের সংঘর্ষ
ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগেই সংঘর্ষ- সমকাল
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:০৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:৩২
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সকালে সাড়ে ৯টার আগেই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক ও নেতাকর্মীরা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভাস্থলের চেয়ার দখলের চেষ্টা করেন। এ সময় হলুদ গেঞ্জি পরিহিত এমপি সমর্থিত বাবুল আখতারের কর্মী সমর্থকদের সঙ্গে সাদা গেঞ্জি পরিহিত সাধারণ সম্পাদক ও মেয়র তারিকুল ইসলামের সমর্থকদের সংর্ঘষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এ খবর ছড়িয়ে পরলে খোকসা ইউনিয়নের ক্লাবমোড়, তেল পাম্প, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে দুই গ্রুপের কর্মী সমর্থকেরা লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে সভাস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, গুরুত্বপূর্ণ আট পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সম্মেলনস্থলের চারিদিকে সাদা পোশাকে পুলিশ রাখা হয়েছে।
- বিষয় :
- ত্রি-বার্ষিক সম্মেলন
- পুলিশ টহল
- আওয়ামী লীগ