ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জেএমবির আমির আবু রায়হানসহ গ্রেফতার ৩

জেএমবির আমির আবু রায়হানসহ গ্রেফতার ৩
×

গ্রেফতার জেএমবির তিন সদস্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০২:৩৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আমির আবু রায়হান ওরফে মাহমুদ ওরফে হাদীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখার সদস্যরা রাজধানীর ভাটারার সাইদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।

সোমবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন- হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া ও রাজিবুর রহমান ওরফে রাজিব ওরফে সাগর।

তিনি জানান, তাদের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, কমান্ডো ছুরি, ২০ প্যাকেট বিস্ফোরক জেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, আবু রায়হান টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় ২০১০ সালে জেএমবিতে যোগ দেন। ২০১২ সালে সংগঠনের সিদ্ধান্তে তিনি কক্সবাজারে গিয়ে লেখাপড়াসহ চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার দায়ী (দাওয়াতী) শাখার প্রধানের দায়িত্ব নিয়ে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন।

ওই সময় তালহা প্রশিক্ষণ দেওয়ার জন্য ১ ব্যাগ কমান্ডো ছুরি আবু রায়হানকে দেন। ২০১৩ সালের মাঝামাঝি সংগঠনের সিদ্ধান্তে গ্রেফতারকৃত আবু রায়হান জঙ্গী খোকনের চাচাত শালিকে বিয়ে করেন। আবু রায়হান ওই ছুরির ব্যাগ কক্সবাজারের নুরুল হাকিম ওরফে আ. হাকিমের কাছে দেন।  

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নুরুল হাকিম ওরফে আ. হাকিম সংগঠনের আরও সদস্যসহ শাজাহানপুর থানা এলাকায় আবু রায়হানের কাছ থেকে প্রাপ্ত ৩০টি কমান্ডো ছুরি এবং বিস্ফোরকসহ গ্রেফতার হয়। গ্রেফতার হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া (৩৭) জেএমবির ইসাবা গ্রুপের প্রধান হিসেবে সংগঠন পরিচালনার অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ডাকাতি করতেন। গত বছর দক্ষিণখানে ডাকাতির সময় তাকে আটক করা হয়।। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের জঙ্গী কার্যক্রম শুরু করেন।


আরও পড়ুন

×