শৈলকুপায় দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭
সংঘর্ষের সময় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে
শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০২:৫৩
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ধুলীয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ধুলীয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে রশিদ মাতব্বর ও মকবুল মৌরীর মধ্যে বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যায় এ দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা- ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে সোমবার সকালে মকবুল সমর্থকরা রশিদ সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ২০ টি বাড়ি ভাংচুর করে। এ সময় একজন নারীসহ সাতজন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।