সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে নৈশপ্রহরীকে পেটানোর অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৩:০০
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের বিরুদ্ধে নৈশপ্রহরীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বিভিন্ন সময়ে নানা কারণে নৈশপ্রহরী আব্দুর রাজ্জাককে (৫৬) গালাগাল ও মারধর করতেন।
রোববার ওই কর্মকর্তা নৈশপ্রহরী রাজ্জাককে তার অফিস কক্ষে ডেকে সামান্য বিষয় নিয়ে মারধর করেন। এতে নৈশপ্রহরী অসুস্থ হয়ে পড়লে সমাজসেবা কর্মকর্তা তাকে তাড়াশ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নৈশপ্রহরী উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা তাকে নিজ অফিস কক্ষে ডেকে আনেন এবং দরজা আটকিয়ে তাকে বেধড়ক পেটান।
এক পর্যায়ে নৈশপ্রহরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে নিয়ে আসেন ।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে নৈশপ্রহরীর ছেলে মজনু মিঞা তার বাবাকে সমাজসেবা কর্মকর্তা কর্তৃক পেটানোর বিষয়টির প্রতিকার চেয়ে তাড়াশ ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত হচ্ছে।
এদিকে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।