পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৩:৫০
পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসান আলী (১৫) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুখুরী এলাকার সাইদুর রহমানের ছেলে। সে পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ইভান আহম্মেদ আপন (১৫) নামে তার সহপাঠী গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হাসান তার সহপাঠী বন্ধু আপনকে নিয়ে পঞ্চগড় থেকে মোটর সাইকেলে যোগে তেঁতুলিয়া ঘুরতে যাচ্ছিল। তাদের মোটরসাইলকেলটি পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় সহাসড়কে পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়। গুরুতর আহত আপনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি রাজিবুল করিম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ভজনপুর বাসস্ট্যান্ডে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।।