৯ কোটি টাকা আত্মসাৎ: সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৫:৪৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৭:০৫
বাড়তি দামে যন্ত্রপাতি কিনে নয় কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীসহ সাতজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের চট্টগ্রামের এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন। এরা হলেন- চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. আব্দুর রব, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি ) ডা. মো. মইন উদ্দিন মজুমদার ও সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ।
অন্যান্য আসামিরা হলেন- যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন ও এএসএলের ব্যবস্থাপনা পরিচালক আফতাব আহমেদ।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, এমআরআইয়ের যন্ত্রের বাজারমূল্য দুই কোটি ৮০ লাখ টাকা হলেও সেটা কিনতে তারা ব্যয় দেখিয়েছেন নয় কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। চারটি কালার ডপলারের বাজারমূল্য এক কোটি আট লাখ ৮০ হাজার টাকা হলেও ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ৬০ লাখ টাকা।
২০১৪ সালের ২৯ মে থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে এভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের নামে মোট নয় কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাত করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
- বিষয় :
- দুদক
- সিভিল সার্জন
- টাকা আত্মসাত