চট্টগ্রামে বাসায় গৃহবধূর লাশ, স্বামী পলাতক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৬:৪৭
চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে রোকসানা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা ব্যাংক কলোনির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোকসানা বেগম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেনের স্ত্রী। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে রোববার দিনের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে দেলোয়ার।
ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা জানান, রোকসানা ও দেলোয়ার চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করতেন। দুই মাস আগে চাকরি ছেড়ে স্বামী-স্ত্রী দু'জনই বরিশাল চলে যান। শুক্রবার কারখানার বকেয়া পাওয়া নিতে চট্টগ্রাম আসেন তারা। ওঠেন বন্দরটিলার ব্যাংক কলোনিতে রোকসানার বড় ভাইয়ের বাসায়। তার ভাই-ভাবিও পোশাক কারখানায় কাজ করেন। শনিবার তারা কারখানা থেকে বকেয়া মজুরি নিয়ে আসেন। রোববার বিকেলে তাদের বরিশাল যাওয়ার কথা ছিল। সকালে ভাই-ভাবি কাজে যাওয়ার সময় তাদের কাছ থেকে বিদায়ও নেন। তবে রাতে বাসায় ফিরে ভাবি দেখেন, বাসার দরজার ছিটকিনি বাইরে থেকে লাগানো। বাসায় ঢুকে তিনি রোকসানাকে খাটের ওপর শোয়া অবস্থায় দেখতে পান। ডাকাডাকিতে রোকসান সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডেকে আনেন তিনি। পরে পুলিশ গিয়ে রোকসানার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রোকসানার স্বজনরা জানিয়েছেন, প্রায় ১২ বছর আগে দেলোয়ারের সঙ্গে রোকসানার বিয়ে হয়। বছরখানেক আগে দেলোয়ার আরেকটি বিয়ে করলে তাদের মধ্যে কলহ শুরু হয়।
ওসি জানান, এ ঘটনায় রোকসানার বোন বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে হত্যা মামলা করেছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- লাশ উদ্ধার