ছেঁড়া দ্বীপে পর্যটক নিষিদ্ধের প্রতিবাদে সেন্টমার্টিনে ধর্মঘট
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৪:০৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ | ০৪:১৮
সেন্টমার্টিনে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ছেঁড়া দ্বীপে পর্যটক নিষিদ্ধ করার প্রতিবাদে ধর্মঘট পালন করছে দ্বীপবাসী। সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি আয়োজনে রোববার সকাল ৮ থেকে এ কর্মর্সচি শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানা গেছে। ধর্মঘট চলাকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট ট্রলার চলাচল বন্ধসহ দ্বীপের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। স্পিডবোট, গামবোট, ইজিবাইক (টমটম), ভ্যানগাড়ি, মোটরসাইকেল, দোকানপাট, বাজার কমিটি, হোটেল-কটেজ মালিক সমিতি ও কিছু স্থানীয় জনতা এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
এর আগে দ্বীপ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড ছেঁড়াদ্বীপে পর্যটকদের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।
স্থানীয় ব্যবসায়ী সংগঠন নেতারা জানায়, সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা ৯ হাজার। জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় আরও ৩ হাজার মানুষ বসবাস করছেন দ্বীপটিতে। সাড়ে ছয় হাজারের বেশি মানুষের আয়-রোজগারের একমাত্র খাত হলো পর্যটন মৌসুম। বছরের চার মাস দ্বীপের মানুষজন পর্যটকদের ওপর নির্ভর করে আয়-রোজগারের মাধ্যমে সংসার চালাচ্ছেন। তারা আরো জানায়, কোস্টগার্ড কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া যেতে মানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠনসহ স্থানীয় জনসাধারণ।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, ছেঁড়াদ্বীপে পর্যটক নিষিদ্ধ করার প্রতিবাদে ধর্মঘট পালন করছে দ্বীপবাসী। এখানে দ্বীপের বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নিয়েছেন। তিনি আরো জানান, তিন দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে বড় কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজারের পরিবেশ বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, সবার আগে দ্বীপকে বাঁচিয়ে রাখা উচিত। সরকার আইনের কথা বললেও স্থানীয় প্রশাসন সেটি বাস্তবায়ন করতে বারবার ব্যর্থ হচ্ছে। তার মতে, মানুষ অধিকার আদায়ের জন্য ধর্মঘট ডাকতে পারে, তাই বলে দ্বীপকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায়না। তার ভাষায়, যদি দ্বীপ না বাঁচে সেখানকার মানুষ যাবে কোথায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অংশ ছেঁড়া দ্বীপে পর্যটক নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে জন্য আমরা কাজ করছি।
উল্লেখ্য, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অংশ ছেঁড়া দ্বীপে কিছু সামুদ্রিক প্রবাল জীবিত আছে। এই প্রবালগুলো সংরক্ষণের জন্য পর্যটকদের যাতায়ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ১২ অক্টোবর এক পরিপত্র জারি করার পর তা বাস্তবায়নে দায়িত্ব দেয় কোস্টগার্ডকে। এ ছাড়া পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সেন্টমার্টিনে ছয় ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশও দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
- বিষয় :
- ছেঁড়াদ্বীপ
- সেন্টমার্টিন
