ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেবায়েতের আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেবায়েতের আত্মহত্যা
×

সেবায়েত বন্ধু সেবক ব্রহ্মচারী

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:০০

'কলঙ্ক মৃত্যুর সমান'- ফেসবুকে এমনই স্ট্যাটাস দিয়ে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনের সেবায়েত বন্ধু সেবক ব্রহ্মচারী (৪৪) আত্মহত্যা করেছেন। সোমবার সকালে শ্রী অঙ্গনের পাঁচ তলা ভবনের পঞ্চম তলার নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শ্রীঅঙ্গনের নৈশ্য প্রহরী সাগর কর্মকার জনান, ভোরে মন্দিরে মঙ্গল আরতি শুরু হওয়ার পরও বন্ধু সেবক মন্দিরে উপস্থিত না হওয়ায় তাকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি জানালা দিয়ে কক্ষের ভিতরে টর্চ মেরে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলা রশি বাঁধা অবস্থায় তিনি ঝুলছেন। পরে শ্রী অঙ্গনের কর্মকর্তাদের জানালে পুলিশ ও র‌্যাবে খবর দেওয়া হয়। সকাল ৮টার দিকে পুলিশ লাশটি নামিয়ে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর কিছুক্ষণ আগে ভোর ৪টা ৩২ মিনিটে বন্ধু সেবক নিজের ফেসবুক আইডি থেকে 'জীবনের শেষ লেখা শেষ কথা' শীর্ষক স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, 'এভাবে পৃথিবী ছেড়ে যাবার কথা ছিল না। পরিস্থিতির কারণে যেতে হচ্ছে। কলঙ্ক মৃত্যুর সমান মনে করি। এর জন্য দায়ী শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু। তারই ষড়যন্ত্রের শিকার হয়েছি। দুই নারীকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে।'

গত শনিবার রাতে নারী নির্যাতনের অভিযোগে শ্রীঅঙ্গনের কার্যালয়ে বন্ধু সেবকের বিষয়ে সভা হয়। ওই সভায় তাকে শ্রী অঙ্গন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেছেন। বন্ধু সেবকের অভিযোগ প্রসঙ্গে বিজ্ঞান বন্ধু বলেন, 'শুনেছি তিনি (বন্ধু সেবক) ফেসবুকে তাকে জড়িয়ে স্ট্যাটাস দিয়ে গেছেন। এতে আমার বিপদ হতে পারে। তবে প্রতিষ্ঠান চালতে গেলে কঠোর হতেই হয়। এজন্য নিবাসীরা আমাকে পছন্দ করেন না।'

কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন বলেন, সোমবার দুপুরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিজ্ঞান বন্ধু, সুচিত্রা মহন্ত ও চায়না মহন্তকে আসামি করে মামলা করেছেন মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী।

আরও পড়ুন

×