ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁদার টাকা না পেয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

চাঁদার টাকা না পেয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ
×

ছবি: সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:৩৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৯:০০

ময়মনসিংহের ত্রিশালের বইলর বাজার এলাকায় মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও যন্ত্রাংশ বিক্রয়ের দোকানে দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাংচুরের সময় বাঁধা দিতে গিয়ে আহত হন দোকান মালিকের ছেলে ও গ্যারেজ মিস্ত্রি।

এই ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক রুহুল আমিন ত্রিশাল থানায় মামলা দায়ের করলে ঘটনার সঙ্গে জড়িত রুকনকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বইলর বাজারে দীর্ঘদিন যাবত ক্রয়কৃত নিজেস্ব জমিতে ঘর নির্মাণ করে মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও যন্ত্রাংশ বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের ঝাইয়ারপাড় গ্রামের রুহুল আমিন ও তার ছেলে হুমায়ুন কবির। দোকান মালিকের বাড়ি বইলর বাজার থেকে প্রায় ৪/৫ কিলোমিটার দূরে থাকায় স্থানীয় প্রভাবশালী রুকন উদ্দিন, শফিকুল ইসলাম, শাহিনুর রহমান, এমদাদুল হক, জুলহাস, আলফাজ ও দেলোয়ার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ২১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুকন উদ্দিন তার লোকজন নিয়ে রুহুল আমিনের মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ভাংচুর করে। এসময় লুট করা হয় দোকানের সকল মালামাল। ভাংচুর ও লুটপাটে বাঁধা দিতে গিয়ে আহত হন দোকান মালিকের ছেলে হুমায়ুন কবির ও গ্যারেজ মিস্ত্রি আমিরুল। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওই ঘটনায় ২৩ নভেম্বর শনিবার ত্রিশাল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক রুহুল আমিন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওইদিন রাতেই রুকন উদ্দিনকে আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহরাব জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় রুকন উদ্দিনকে ২৩ নভেম্বর শনিবার রাতে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যান্যদেরও আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×