ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সিসিকের অভিযান

পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সিসিকের অভিযান
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৯:০৩

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে হার্ডলাইনে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গত এক সপ্তাহে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পানির শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গেছে, এ সময় ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিসিক সূত্র জানায়, নগরীর বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় ১৫ দিন আগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বিভিন্ন স্থানে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় তিনি নগরবাসীকে সব ধরনের অবৈধ সংযোগ দিয়ে পানি নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তার পরও অনেকেই অবৈধ সংযোগ দিয়ে পানি ব্যবহার করছিলেন।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর থেকে সিসিক কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। গত এক সপ্তাহে নগরীর ৪টি ওয়ার্ডে অভিযান চালিয়ে পানির শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বকেয়া বিল আদায়, হাফ ইঞ্চি পানির লাইনের স্থলে অতিরিক্ত মাপের পাইপ ব্যবহার না করা এবং আবাসিক পানির লাইন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সোমবার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাহ এলাকার অনামিকা ও ধানসিঁড়ি এলাকার বেশ কয়েকটি বাসা-বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করাসহ তাৎক্ষণিক জরিমানা আদায় সাপেক্ষে পানির লাইন বৈধ করা হয়।

এ ব্যাপারে সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বলেন, আমরা অভিযান শুরু করেছি। অনেক বাসিন্দা অবৈধভাবে পানির সংযোগ নিয়ে ব্যবহার করছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

×