ঝিনাইদহে সীমান্তে ৯ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০১:০৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার দিনগত রাতে মহেশপুরের জুলুলী ও পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
ঝিনাইদহ খালিশপুর-৫৮ বিজিবির উপ পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান এক ই-মেইল বার্তায় জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঝিনাইদহের খালিশপুর বিজিবিরর ৫৮ ব্যাটালিয়নের জুলুলী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৫২/৯-আর এলাকায় টহলরত ছিল। এ সময় মহেশপুর উপজেলার মাঠপাড়া মাঠের মধ্য থেকে দুইজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশুসহ মোট সাতজন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়।
অন্যদিকে একই সময় পলিয়ানপুর বিওপির টহল উপজেলার রায়পুর মাঠের মধ্য থেকে দুই বাংলাদেশি নারী-পুরুষকে একই অপরাধে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, কাজের সন্ধানে ৪ মাস থেকে এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
আটকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।