সিরাজগঞ্জে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪৮
শাহজাদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে হাবু খাঁ (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-১
আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত হাবু খাঁ জেলার শাহজাদপুর উপজেলার ডায়াখাঁ গ্রামের শের আলী খাঁর ছেলে।
মামলার নথি থেকে জানা যায় , ২০১৬ সালের ২৬ জুন শাহজাদপুরের হামলাকোলা গ্রামের চতুর্থ শ্রেনীতে (১১) পড়ুয়া ওই শিক্ষার্থী সকালে বিদ্যালয়ের এক স্কুল শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যায়। পথিমধ্যে হাবু খাঁ পথ আটকে মেয়েটিকে পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির বাবা শাহজাদপুর থানায় মামলা করেন।
মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল হামিদ লাবলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন আসামির সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।